নরসিংদীর শিবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বাঘাব ইউনিয়ন পরিষদের ৭ বারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর মাদ্রাসা মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। একই স্থানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৭ টায় ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।